চট্টগ্রামের হাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উত্তর জেলা শাখার সহ-সভাপতি হাসান মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর খুলশী এলাকায় অভিযান চালিয়ে হাটহাজারী থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হাসান মুরাদ হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধোপাদিঘীর পাড় এলাকার আকমল মিয়াজির বাড়ির দিদারুল আলমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি এলাকায় ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছিলেন।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড ও মিছিলের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় হাসান মুরাদকে গ্রেপ্তার করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসান মুরাদের বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যাচেষ্টাসহ একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার নথি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।