গ্রীষ্মের প্রখর রোদ, ব্যস্ত শহরজীবন আর ক্লান্ত দুপুরের মাঝেও হঠাৎ যেন চোখ আটকে যায় এক টুকরো লাল সৌন্দর্যে। যশোর কালেক্টরেট (ডিসি অফিস) চত্বরে প্রবেশ করতেই চোখে পড়ে কৃষ্ণচূড়ার আগুনরাঙা ফুলে রঙিন হয়ে ওঠা পুরো প্রাঙ্গণ। যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়ে তুলেছে প্রশাসনিক এই চত্বরকে। লাল পাপড়ির ছায়ায় দাঁড়িয়ে মুহূর্তেই বদলে যায় চারপাশের পরিবেশ। ব্যস্ত মানুষও কিছু সময়ের জন্য থেমে তাকায়, মুগ্ধ হয়, ফিরে যায় স্মৃতির অলিগলিতে।
শুধু ডিসি অফিস চত্বর নয়, যশোর শহরের বিভিন্ন সড়ক,যশোর পৌর পার্ক, আব্দুর রাজ্জাক কলেজ মাঠ,উপশহর শিশু পার্ক এম এম কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও গ্রামীণ পথজুড়েও এখন ফুটে আছে কৃষ্ণচূড়া। শহরেরর শিক্ষা নগরী এলাকার অনেক পথেই চোখে পড়ে লাল আগুনের মতো জ্বলতে থাকা এই ফুল। দূর থেকে মনে হয় যেন সবুজের বুকজুড়ে কেউ ছড়িয়ে দিয়েছে রঙিন আবেগের কার্পেট।
বাংলার গ্রীষ্মের সঙ্গে কৃষ্ণচূড়ার সম্পর্ক বহু পুরোনো। তবে যশোরের প্রকৃতিতে এই ফুল যেন আলাদা এক আবেগ বহন করে। এই শহরের মানুষ প্রকৃতিপ্রেমী, সংস্কৃতিমনা এবং স্মৃতিবাহী জীবনযাপনে অভ্যস্ত। তাই কৃষ্ণচূড়া এখানে কেবল সৌন্দর্যের প্রতীক নয়, এটি মানুষের অনুভূতিরও অংশ হয়ে উঠেছে।
যশোর কালেক্টরেট চত্বরে কৃষ্ণচূড়ার নিচে দাঁড়ালে মনে পড়ে যায় ফেলে আসা অনেক দিন। স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে হাঁটার বিকেল, কলেজের শেষ ক্লাস, কিংবা কোনো নীরব ভালোবাসার স্মৃতি। কত মানুষ যে এই ফুলের নিচে দাঁড়িয়ে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, কেউ হয়তো বিদায়ের কষ্ট লুকিয়েছে, আবার কেউ নতুন স্বপ্ন দেখেছে তার হিসাব নেই।
কৃষ্ণচূড়া যেন স্মৃতির এক নীরব ভাষা। এর লাল পাপড়িতে জমে থাকে মানুষের অজস্র না বলা কথা। গ্রীষ্মের দুপুরে ঝরে পড়া ফুলের দিকে তাকালে অনেকের মনেই হঠাৎ এক ধরনের বিষণ্নতা কাজ করে। কারণ এই ফুল মানুষকে বারবার মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া সময়ের কথা।
যশোর শহরের বারান্দি পাড়া লিচু তলার বাসিন্দা ডাবলু বলেন, একসময় শহরের রাস্তার পাশে আরও বেশি কৃষ্ণচূড়া গাছ ছিল। গ্রীষ্ম এলেই পুরো শহর লাল রঙে ঢেকে যেত। এখন শহরের ঘনবসতির চাপে অনেক গাছ হারিয়ে গেলেও কিছু পুরোনো কৃষ্ণচূড়া এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যেন সময়ের সাক্ষী হয়ে তারা ধরে রেখেছে শহরের সৌন্দর্য ও ঐতিহ্য।
বিশেষ করে কালেক্টরেট ডিসি অফিস প্রাঙ্গণের কৃষ্ণচূড়াগুলো এখন মানুষের দৃষ্টি আকর্ষণ করছে বেশি। প্রতিদিন নানা প্রয়োজনে সেখানে আসা মানুষ হঠাৎ করেই থমকে দাঁড়াচ্ছেন। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকছেন। ব্যস্ততার শহরে এই সামান্য সৌন্দর্যও যেন মানুষকে একটু স্বস্তি দিচ্ছে।
কৃষ্ণচূড়ার আরেকটি বড় সৌন্দর্য হলো এর ক্ষণস্থায়িত্ব। খুব বেশি দিন থাকে না এই ফুল। কয়েক সপ্তাহের মধ্যেই ঝরে যায়। কিন্তু ঝরে গেলেও রেখে যায় গভীর আবেগ। ঠিক জীবনের সুন্দর কিছু মুহূর্তের মতো যেগুলো ক্ষণিকের হলেও স্মৃতিতে বেঁচে থাকে আজীবন।
বাংলা সাহিত্য, গান ও কবিতায় কৃষ্ণচূড়ার উপস্থিতি বারবার এসেছে। প্রেম, বিরহ, বিদায় কিংবা তারুণ্যের প্রতীক হিসেবে এই ফুল বিশেষভাবে পরিচিত। যশোরের সাংস্কৃতিক পরিবেশেও কৃষ্ণচূড়া যেন এক নীরব অনুপ্রেরণা।
প্রকৃতির এই সৌন্দর্য মানুষকে শুধু মুগ্ধই করে না, জীবনের প্রতি নতুন অনুভূতিও জাগিয়ে তোলে। যশোরের ব্যস্ত সড়কে কিংবা কালেক্টরেট চত্বরে দাঁড়িয়ে যখন কৃষ্ণচূড়ার দিকে তাকানো যায়, তখন মনে হয় জীবন এখনও সুন্দর। সব ব্যস্ততা, ক্লান্তি আর অস্থিরতার মাঝেও প্রকৃতি তার নিজস্ব রঙে মানুষকে বাঁচতে শেখায়।
আজকের প্রযুক্তিনির্ভর সময়ে মানুষ যখন ক্রমেই প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে, তখন কৃষ্ণচূড়ার মতো একটি ফুল মানুষকে আবারও প্রকৃতির কাছে টেনে আনে। হয়তো সে কারণেই যশোরের মানুষ এখনও কৃষ্ণচূড়ার দিকে তাকিয়ে আবেগ খুঁজে পায়, ভালোবাসা খুঁজে পায়, ফিরে পায় হারিয়ে যাওয়া দিনের গন্ধ।
গ্রীষ্মের এই সময়টুকুতে যশোর যেন নতুন করে সেজে ওঠে কৃষ্ণচূড়ার রঙে। কালেক্টরেট ডিসি অফিস চত্বর থেকে শুরু করে শহরের নানা প্রান্তে আগুনরাঙা এই ফুল জানান দেয় প্রকৃতি এখনও বেঁচে আছে, স্মৃতি এখনও জীবন্ত আছে, আর মানুষের হৃদয়ে সৌন্দর্যের জন্য জায়গা এখনও ফুরিয়ে যায়নি।