চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে ১৮ তম বিসিএস কর্মকর্তা ডা. নাসির ইসলামসহ চিকিৎসকদের বর্বরোচিত হামলার প্রতিবাদে গতকাল সোমবার রাজশাী, কুমিল্লা, পঞ্চগড়সহ দেশের বিভিন্নস্থানে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
রাজশাহী ব্যুরো : শরিয়তপুর জেনারেল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত এক গুরুতর অসুস্থ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ নাসির ইসলামের ওপর ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন, রাজশাহী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা ক্রমেই উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। শরিয়তপুরে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ নাসির ইসলামের ওপর সন্ত্রাসী হামলা স্বাস্থ্যসেবার পরিবেশকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপদ কর্মপরিবেশ ছাড়া মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান সম্ভব নয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ রোকনসহ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয়
কমিটির নেতা ডাঃ শহীদুল ইসলাম রবিনসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ও কর্মচারীরা।
কুমিল্লা অফিস : শরীয়তপুর সদর হাসপাতালে ৪৮তম বিসিএস কর্মকর্তা চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন চিকিৎসক, নার্স, ইন্টার্ন চিকিৎসক, স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীরা।
“সর্বস্তরের ডাক্তার, নার্স, চিকিৎসা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ” ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশে চিকিৎসকদের ওপর একের পর এক হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। কর্মস্থলে নিরাপত্তাহীনতার মধ্যে চিকিৎসাসেবা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম মজুমদার, এনডিএফ কুমিল্লা জেলা শাখার সভাপতি ও কুমিল্লা মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শরীফ মজুমদার, ইন্টার্ন প্রতিনিধি ডা. নাজমুল গাজী, নার্সেস এসোসিয়েশনের সভাপতি ফরহাদ হোসেনসহ অন্যান্যরা।
অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. গিয়াস উদ্দিন।
সমাবেশে এনডিএফ কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, চিকিৎসকদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এখন একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে। হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে।
মানববন্ধনে অংশ নেওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হাসপাতালগুলোতে নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসকদের জন্য বিশেষ নিরাপত্তা আইন প্রণয়ন এবং দায়ীদের দ্রুত বিচারের দাবি জানান।
পঞ্চগড় সংবাদদাতা : শরীয়তপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. নাসির ইসলাম ও দায়িত্বরত নার্স, কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পঞ্চগড় জেলার স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্টরা।
গতকাল সোমবার দুপুর ২ টায় পঞ্চগড় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে পঞ্চগড় জেলার সকল চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, হাসপাতাল কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি ডা: খালেদ তৌহিদ পুলুক, সাধারণ সম্পাদক জাহিদুল হক দুলাল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ প্রমুখ। হামলাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। দাবী মানা না হলে স্বাস্থ্যকর্মীরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।