গাজীপুর মহানগরের টঙ্গীর নামাবাজার নিশাতনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০ থেকে ৪০টি ঘর পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, মো. শওকত হোসেন সরকার। মঙ্গলবার বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।
জানা যায়, সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ঘনবসতিপূর্ণ এলাকার একের পর এক ঘর গ্রাস করে। এতে অন্তত ৩০-৪০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মুহূর্তের মধ্যে নিঃস্ব হয়ে পড়েছে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘটনার পরদিন মঙ্গলবার বিকেল ৩টার দিকে প্রশাসক মো. শওকত হোসেন সরকার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রস্তুত, দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের দুর্দশার কথা শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, রাশেদুল ইসলাম কিরণ, সাবেক দপ্তর সম্পাদক, আব্দুর রহিম খান কালা, মহানগর বিএনপি নেতা, সরকার শাহানুর ইসলাম রনি, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর, মো. আবুল হাসেম, সাবেক কাউন্সিলর, সেলিম হোসেন, বিএনপি নেতা, আবু শাকের, বিএনপি নেতা, আজিজ জহিরুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।