মানিকগঞ্জ জেলা সংবাদদাতা
মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রিয়নবী হজরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদকারী ধর্মপ্রাণ মুসুল্লিদের হয়রানি বন্ধের দাবিতে উপজেলা জামায়াতের সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার দুপুরে দরগ্রামস্থ সাটুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। এতে সাটুরিয়া উপজেলা আমীর মুঃ আবু সাঈদ বিএসসির সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইন্জিনিয়ার মুহাম্মদ ইসহাক আলী। এতে বলা হয়, সম্প্রতি কান্দাপাড়া এলাকায় ‘ইমন’ নামে এক যুবক নবী (সঃ) কে নিয়ে অশালীন কটুক্তি করে। এতে স্থানীয় মুসুল্লিরা হৃদয়ে মারাত্মক আঘাত অনুভব করে। মসজিদ ভিত্তিক সমাজে সালিস বসে ইমনকে তওবা করায়। এক পর্যায়ে তার আরও কঠোর শাস্তির দাবিতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে জনতার সাথে তাদের ভুল বুঝাবুঝি হয়। জনতার ভীড়ে কোন দুষ্কৃতিকারী নাকি গণমাধ্যমের কর্মীদের গাড়ি ভাংচুর করে। পরবর্তীতে আমরা জানতে পারি এ ঘটনায় সাটুরিয়া থানায় দুটো মামলা হয়েছে। যেখানে এসবে জড়িত নয় এমন নির্দোষ মানুষকে আসামি করা হয়েছে, অনেকে গ্রেফতার হয়েছে, জামিন পাচ্ছে না, অথচ কটুক্তি করা আসামি ইমনের জামিন হয়েছে।
ইসহাক আলী বলেন, আমি নির্বাচনমুখী লোক, তাই আমার প্রতিপক্ষ ষড়যন্ত্র করে আমাকে আসামি করিয়েছে। আমি কোন রকম অপরাধ ও বেআইনী কর্মকা-ে জড়িত নই। আবু সাঈদ বিএসসি তার বক্তব্যে বলেন, ওই ঘটনার প্রচুর সংখ্যক ভিডিও সোসাল মিডিয়ায়
রয়েছে। কাজেই সঠিকভাবে যাচাই-বাছাই করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হউক। উদ্দেশ্যপূর্ণ ভাবে কাউকে যেন হয়রানি করা না হয় আইন শৃঙ্খলা বাহিনীকে সেদিকে নিশ্চিত করতে হবে।