বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় দলটির দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে সকাল থেকেই উপজেলায় বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও সাবেক ছাত্রদল নেতা কাজী জামসেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌর শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিকেলে আকবর হোসেনের অনুসারীরা স্থানীয় আতাতুর্ক স্কুল মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে বের হওয়ার সময় প্রতিপক্ষ ফটিক গ্রুপের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
সংঘর্ষের জন্য আকবর ও ফটিক গ্রুপের নেতাকর্মীরা পরস্পরকে দায়ী করেছেন। ঘটনার পর পৌর শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের আশঙ্কায় সকাল থেকেই পৌর শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এরপরও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।