গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করার লক্ষ্যে ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে ১১ দলীয় ঐক্য।
বুধবার বিকেলে ফেনী প্রেসক্লাবে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল হান্নান বলেন, লং মার্চের কারণে সড়কে যানবাহন চলাচলে সাময়িক অসুবিধা হতে পারে। এ জন্য তিনি আগাম দুঃখ প্রকাশ করেন এবং কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফ্লাইওভারের নিচে আয়োজিত পথসভায় প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হবে। পথসভা সফল করা ও যানজট নিরসনে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং হাইওয়ে পুলিশের এসপির সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে।
মুফতি আবদুল হান্নান আরও বলেন, যানজট এড়াতে জামায়াত-শিবিরের শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবেন।
লং মার্চ ও পথসভা সফল করতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন ১১ দলীয় ঐক্যের নেতারা।
মতবিনিময় সভায় ফেনী জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক আমির এ কে এম শামছুদ্দীন, জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, জেলা কল্যাণ পার্টির সভাপতি মোহাম্মদ ইসমাইল, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনছুরুল আলম, খেলাফত মজলিসের সভাপতি নাজমুল আলম, জাগপার সভাপতি সাইফুদ্দিন, ফেনী শহর শিবিরের সভাপতি সফিকুল ইসলাম, শিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন আরমানসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ ফেনীর নবাগত জেলা প্রশাসক মাহবুবুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা লং মার্চ ও পথসভা সফল করতে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, লং মার্চ উপলক্ষে ফেনীর মহিপালের পথসভা সফল করতে জেলার বিভিন্ন উপজেলায় সংবাদ সম্মেলন করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে মিছিল ও সভা করার কর্মসূচি নেওয়া হয়েছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, মহিপালের পথসভায় অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হবে।