খুলনা মহানগর পুলিশের (কেএমপি) দৌলতপুর থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার ওরফে গজাল ইমন (২৩) গ্রেফতার হয়েছেন। ইমন দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা বুচিতলা এলাকার বাসিন্দা এবং আলমগীর হোসেনের ছেলে।
কেএমপির মিডিয়া সেলের সূত্রে জানা যায়, শনিবার দিবাগত ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রায়েরমহল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহেশ্বরপাশা কার্তিককূল উত্তর ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২টি ওয়ান শ্যুটার গান, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের গুলী এবং ৪ রাউন্ড ওয়ান শ্যুটার গানের কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে ইমন হাওলাদারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, দস্যুতা, চুরিসহ বিভিন্ন অভিযোগে অস্তত ৭টি মামলা রয়েছে। এ ছাড়া তিনি পুলিশের তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী।