লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)এর গুলীতে মোঃমিজানুর রহমান (২৫) নামে এক বাংলাদেশী কৃষক গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।। এ ঘটনায় সীমান্ত এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।
গতকাল সোমবার ৬ সকাল সাড়ে ১০টার দিকে পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর নামক সীমান্তের গাডিয়ার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোঃ মিজানুর রহমান পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে মোঃমিজানুর রহমান সীমান্তের পাশে ভুট্টাখেতে গরুর খাবারের জন্য ঘাস কাটতে যান। এ সময় ভারতীয় কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এতে একটি গুলী মোঃ মিজানের শরীরে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলীর শব্দ শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দেয়া হয়।এ ঘটনায় সীমান্ত এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। সীমান্ত এলাকাবাসী মোঃ কবির হোসেন জানান, বিএসএফ বাংলাদেশী নাগরিকদের প্রতি প্রতিনিয়ত অমানবিক আচরণ করে যাচ্ছে। বিশেষ করে কৃষকরা সীমান্ত সংলগ্ন কাঁটাতারের বেড়া সংলগ্ন জমিতে কাজ করতে গেলেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা মারমুখী হয়ে। অস্ত্র ঊচিয়ে তেড়ে আসে। যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সীমান্তে বিএসএফের গুলীতে একজন আহত হওয়ার খবর আমরা শুনেছি । পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।