'কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ' স্লোগানকে সামনে রেখে গ্রাহক সেবা মাস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের এক সুধী ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ জুলাই (বুধবার) দুপুরে ইসলামী ব্যাংক কুমারখালী শাখা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো: আফজাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের কুমারখালী শাখা ব্যবস্থাপক আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক হাফেজ মাওলানা জুলফিকার আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজার অপারেশন এবিএম আব্দুল্লাহ আল বাকী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক মোহাম্মদ আফতাব উদ্দিন মাষ্টার।
প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক শুরু থেকেই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি গ্রাহকদের আস্থা ও উন্নত সেবা দিয়ে আসছে। আধুনিক ও কল্যাণমুখী ব্যাংকিং সেবার মাধ্যমে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এই ব্যাংকের অবদান প্রশংসনীয়।
এর আগে হাফেজ শহিদুল ইসলামের কোরআন তেলাওয়াত এবং মাহবুব হোসেনের কণ্ঠে ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সমাবেশে ব্যাংকের স্থানীয় গ্রাহক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।