শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদীর ওপর নির্মিত বিকল্প বেইলি সেতু মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে সংস্কার না করায় বৃষ্টির পানিতে সেতুর একপাশ ৫ ফুট মাটির নিচে দেবে গিয়ে হেলে পড়েছে। সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দারা ঝুঁকির মধ্যে রয়েছেন।
জানা যায়, ২০১০-১১ অর্থবছরে গাজীখালী নদীর ওপর মূল ব্রিজ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। ২০১৩ সালে নির্মাণকাজ শুরু হয়ে ২০১৫ সালের অক্টোবরে ব্রিজটি উদ্বোধন করা হয়। এরপর মূল ব্রিজ দিয়ে যানবাহন চললেও বিকল্প ডাইভারশন বেইলি সেতু সাধারণ মানুষের হাঁটাচলার জন্য চালু রাখা হয়। স্থানীয় জনতার অনুরোধে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সেতুটি অপসারণ করেনি। বর্তমানে এ সেতু দিয়ে প্রতিদিন প্রায় ৬ হাজার শিক্ষার্থীসহ হাজারো মানুষ চলাচল করে। সাটুরিয়া, ধামরাই ও নাগরপুর উপজেলার মানুষ চিকিৎসাসেবা নিতে সাটুরিয়া ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। হাটের দিনে চলাচল আরও বেড়ে যায়। কিন্তু সেতুর বর্তমান ভগ্নদশা পরিস্থিতি স্থানীয়দের দুশ্চিন্তায় ফেলেছে। অনেক শিশু শিক্ষার্থী ও পথচারী গর্তে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুনুর রশিদ বলেন, সেতুটি দ্রুত মেরামত করা হলে হাসপাতালে রোগীদের আসা-যাওয়া সহজ হবে এবং জনদুর্ভোগ কমবে। এ বিষয়ে কথা হয় মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী দেবাশীষ সাহার সঙ্গে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সেতু দিয়ে জনসাধারণকে চলাচল নিষেধ করা হয়েছে। এটি ছিল একটি ডাইভারশনের ওপর বিকল্প সেতু।