চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের লোটনী এলাকার কিডনি রোগে আক্রান্ত গুরুতর অসুস্থ মোহাম্মদ ঈসা (৪০)-কে দেখতে যান কক্সবাজার শহর জামায়াতের আমীর ও সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুক।
বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি মোহাম্মদ ঈসার বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রোগীর দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন এবং পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, কাকারা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা কামরুল হাসান সাঈদী, ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন, শ্রমিক নেতা জালাল উদ্দিন ও তরুণ ব্যবসায়ী সাঈদ হাসান।
এদিকে এর আগে সকাল ১১টায় কাকারার লোটনী গ্রামে খাদ্যসামগ্রী বিতরণ করেন জননেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে পাঁচ শতাধিক দুর্গত মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী তুলে দেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে জামায়াত নেতা আবদুল্লাহ আল ফারুক বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। আগামীতেও যে কোনো দুর্যোগে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”