মতলব (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা সংরক্ষণে পরিচালিত বিশেষ অভিযানে ৮০০ কেজি জাটকা ও পোনা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় একজনকে আটক করা হয়।
রোববার (৫ এপ্রিল) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার বাবুরবাজার আড়ৎ, এখলাশপুর আড়ৎ ও ছেংগারচর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জাটকার পাশাপাশি পাঙ্গাসের পোনা মাছও জব্দ করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, জব্দকৃত মাছ পরবর্তীতে স্থানীয় এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। আটক ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এবং মতলব উত্তর থানার সহকারী উপপরিদর্শক মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট অভয়াশ্রমের পাহারাদাররা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।