কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ মঙ্গলবার (২৮ জুলাই) গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন।

এ সময় তিনি গবেষণা কার্যক্রম পর্যালোচনা, বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় এবং আধুনিক কৃষি প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বারোপ করেন।

ব্রি ক্যাম্পাসে পৌঁছালে মন্ত্রীকে স্বাগত জানান ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম এবং প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রীকে সঙ্গ দেন কৃষি সচিব ড. রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুস ছালাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির মহাপরিচালক মো. সাইফুল আজম খানসহ কৃষি মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনের শুরুতে মন্ত্রী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং ব্রি প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি ব্রির মহাপরিচালকের সম্মেলন কক্ষে বিভাগ ও শাখা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় তিনি বলেন, দেশের কৃষিকে আরও শক্তিশালী করতে জলবায়ু সহনশীল, উচ্চ ফলনশীল ও যুগোপযোগী ধানের জাত এবং আধুনিক কৃষি প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই। কৃষি শক্তিশালী হলেই দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এ লক্ষ্য অর্জনে গবেষক, বিজ্ঞানী ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় শেষে কৃষিমন্ত্রী ব্রির রাইস অ্যানালিটিক্যাল ল্যাব, ফার্ম মেশিনারি শেড এবং জিন ব্যাংক পরিদর্শন করেন। এ সময় ব্রির বিজ্ঞানীরা তাকে চলমান গবেষণা কার্যক্রম, নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং ধানের উন্নত জাত উন্নয়নে অর্জিত সাফল্য সম্পর্কে অবহিত করেন।

ব্রি সূত্র জানায়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং কৃষির টেকসই উন্নয়নে গবেষণা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে এ পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।