যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) নিখোঁজ দুই বাংলাদেশী পিএইচডি শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় বাংলাদেশী শিক্ষার্থী জামিল লিমনের রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়েহকে (২৬) স্থানীয় পুলিশ গ্রেফতার করেছে। হিশামের বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। নিউজউইক।

জানা যায়, জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিÑ দুইজনই প্রাণ হারিয়েছেন। লিমনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। পরে গতকাল শনিবার বৃষ্টির মৃত্যুর বিষয়টিও তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়েহকে (২৬) স্থানীয় পুলিশ গ্রেফতার করেছে। হিশামের বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। দীর্ঘদিন ধরেই সহিংস আচরণের সঙ্গে জড়িয়ে থাকা ২৬ বছর বয়সি এই তরুণের অতীত ইতিহাস এখন স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার মেধাবী শিক্ষার্থী লিমনের মৃত্যুতে যখন পুরো কমিউনিটি গভীর শোকে নিমজ্জিত, তখন সন্দেহভাজন হিশামের অন্ধকার অতীত ঘিরে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের প্রতিবেদনে জানায়, হিশাম মার্কিন নাগরিক। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সাবেক শিক্ষার্থী ছিলেন। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করলেও হত্যাকা-ের সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না। আদালত ও স্থানীয় শেরিফ অফিসের রেকর্ড বিশ্লেষণ করে তার বিরুদ্ধে একাধিক সহিংসতার অভিযোগ পাওয়া গেছে। হিলসবোরো কাউন্টি আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালের মে ও সেপ্টেম্বর মাসে হিশামের বিরুদ্ধে শারীরিক আঘাত করার অভিযোগ আনা হয়েছিল। সেই সঙ্গে একটি জনশূন্য বাড়িতে চুরির অভিযোগও ছিল তার নামে। যদিও তখন সেগুলোকে কিছুটা লঘু অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল, কিন্তু তার পরিবারের সদস্যরা তার আচরণ নিয়ে আগে থেকেই শঙ্কিত ছিলেন। পরিবারের এক সদস্য হিশামের এমন সহিংস আচরণের কারণে তার বিরুদ্ধে দুটি পারিবারিক সুরক্ষা নিষেধাজ্ঞা বা ডোমেস্টিক ভায়োলেন্স ইনজাংশনের আবেদন করেছিলেন। আদালত তার মধ্যে একটি আবেদন মঞ্জুরও করেছিল। এছাড়া তার বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের মতো অসংখ্য অভিযোগ রয়েছে। লিমনের লাশ উদ্ধারের দিনটি ছিল স্থানীয় পুলিশের জন্য অত্যন্ত নাটকীয় ও উত্তেজনার। গত শুক্রবার লিমনের দেহের অবশিষ্টাংশ ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে উদ্ধারের কয়েক ঘণ্টা পরেই পুলিশ হিশামের পরিবারের বাড়ি থেকে পারিবারিক সহিংসতার একটি ফোন পায়। পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হলে হিশাম ঘরের ভেতর নিজেকে অবরুদ্ধ করে ফেলেন এবং পুলিশের কাছে আত্মসমর্পণে অস্বীকৃতি জানান। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট টিমকে তলব করতে হয়। দীর্ঘ সময় ধরে চলা এ উত্তেজনার পর অবশেষে সোয়াট টিমের চাপে হিশাম আত্মসমর্পণ করতে বাধ্য হন। হিলসবোরো কাউন্টির চিফ ডেপুটি জোসেফ মাউরার জানিয়েছেন, লিমনের মৃত্যুর ঘটনায় হিশামকে একাধিক অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মৃত্যুর সংবাদ না দেওয়া, অবৈধভাবে লাশ সরানো, আলামত নষ্ট করা, নিজেকে মিথ্যা ও অন্যায়ভাবে আটকে রাখা এবং পারিবারিক সহিংসতা ও শারীরিক আঘাত করা। জামিল লিমনের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন তদন্ত কর্মকর্তারা। এ হত্যাকা-ের ঘটনায় একই বিশ্ববিদ্যালয়ের আরেক বাংলাদেশী শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির নিখোঁজ থাকার বিষয়টি এখনো এক বড় রহস্য হয়ে আছে। যদিও তার ভাইয়ের দাবি বৃষ্টিও হত্যাকা-ের শিকার হয়েছেন। গতকাল শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

গত শুক্রবার ভোরে সেন্ট পিটার্সবার্গের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ওপর থেকে ২৭ বছর বয়সি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের লাশ উদ্ধার করে পিনেলাস কাউন্টি পুলিশ। এর পরপরই এই ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়াহকে চিহ্নিত করা হয়। হিশামকে গ্রেফতারে পুলিশ একটি নাটকীয় অভিযান পরিচালনা করে। লিমনের লাশ উদ্ধারের কয়েক ঘণ্টা পর টেম্পার লেক ফরেস্ট এলাকায় হিশামের বাড়ির সন্ধান পায় পুলিশ। সেখানে সোয়াত (ঝডঅঞ) টিমের উপস্থিতিতে দীর্ঘ ২০ মিনিটের ব্যারিকেড পরিস্থিতির পর হিশাম আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে।

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী নাহিদা বৃষ্টির বিষয়ে তার পরিবারকে অত্যন্ত বিমর্ষ বার্তা দিয়েছে পুলিশ। নাহিদার ভাই জাহিদ হাসান জানান, জামীল ও হিশামের অ্যাপার্টমেন্টে ‘বিপুল পরিমাণ রক্ত’ পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তাদের ধারণা, নাহিদাকে হত্যা করে তার দেহ ছিন্নভিন্ন করে ফেলা হয়েছে, যার ফলে তার লাশ খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়তে পারে। নাহিদাকে সর্বশেষ ১৬ এপ্রিল ইউএসএফ ক্যাম্পাসে দেখা গিয়েছিল।

সাবেক এফবিআই এজেন্ট ও অপরাধ বিশেষজ্ঞ ড. ব্রায়ানা ফক্স ঘটনাটি বিশ্লেষণ করে জানান, অপরাধের আলামত যেভাবে টাম্পা বে এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পাওয়া যাচ্ছে, তা দেখে মনে হয় এটি খুব বেশি পরিকল্পিত ছিল না; বরং তাড়াহুড়োর মধ্যে প্রমাণ নষ্ট করার চেষ্টা হয়েছে। তিনি আরও বলেন, লিমনের লাশ জনবহুল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছে পাওয়া যাওয়াও রহস্যজনক। সাধারণত এ ধরনের ঘটনার পেছনে আর্থিক লেনদেন, ঈর্ষা বা তাৎক্ষণিক ঝগড়া কাজ করে। তার মতে, অভিযুক্তের অপরাধের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় তার মধ্যে হিংস্রতা দ্রুত বৃদ্ধি পেয়েছে। হিলসবরো কাউন্টি শেরিফ অফিস থেকে জানানো হয়েছে, তদন্ত এখনো চলছে। লিমনের মরদেহের ময়নাতদন্তের পর হিশামের বিরুদ্ধে আরও কঠোর অভিযোগ আনা হতে পারে। একইসাথে নাহিদার সন্ধানে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।