মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় তার অপর ছেলে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারী মশিক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকল মিয়া (৮০) গাজীপুর এলাকার বাসিন্দা। গুরুতর আহত হয়েছেন তার ছেলে শহিদুল মিয়া (৫০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার মধ্যে বাগি¦ত-া শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মশিক মিয়া তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করলে তার ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয়। এসময় বড় ভাই শহিদুল মিয়া এগিয়ে এলে তাকেও নাভীর বাম পাশে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুল মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনার পর অভিযুক্ত মশিক মিয়াকে শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।