দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ৬ মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে। উপজেলার জিংলাতলী ইউনিয়নের চরচারিপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন জাকির হোসেন (৪১),জহির হোসেন প্রধান (২৮),সিয়াম হোসেন (২৪), মোঃ মোশারফ হোসেন (২৯), আকাশ (২৫), রমজান হোসেন (৩০)। পুলিশ সূত্রে জানা গেছে, দাউদকান্দি মডেল থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জিংলাতলী ইউনিয়নের চরচারিপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সেবন ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল। অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ওই ছয়জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অপরাধ দমনে এবং মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে প্রেরণ করা হবে। জিংলাতলী এলাকার ওমর ফারুক বলেন,মাদকবিরোধী এমন ঝটিকা অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় জনগণ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি তুলেছেন।