রাজধানীর জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেন (৫০) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গলিতে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ক্যানসার হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি চিকিৎসাধীন আছেন।বনানী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, ডা. আহমদ হোসেন ক্যানসার হাসপাতাল থেকে তার বর্তমান বাসায় ফিরছিলেন। পথে পুরাতন ব্রাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে অজ্ঞাত দুই থেকে তিন জন ব্যক্তি তার ওপর হামলা করে। এ সময় তারা তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে ক্যানসার হাসপাতালে নেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, আহত উপ-পরিচালককে দীর্ঘদিন ধরে একটি চক্র বিদেশী নম্বর থেকে টেন্ডার সংক্রান্ত হুমকি দিয়ে আসছিল। ডিউটি শেষে বাসায় ফেরার সময় তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে পৌঁছালে দুই যুবক পেছন থেকে তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।