তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নে একটি মসজিদের পুকুরকে কেন্দ্র করে চলমান বিরোধ রোববার (১৯ এপ্রিল) সহিংস রূপ নেয়। মানববন্ধন চলাকালে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

স্থানীয়দের তথ্যমতে, গাবরগাড়ি জামে মসজিদের পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর একটি অংশ ও অপর একটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই প্রতিবাদে সকালে গ্রামবাসীরা মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

তবে কর্মসূচি চলাকালেই রাজ্জাক গ্রুপ ও মসজিদপক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষই লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

তাড়াশ থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে, স্থানীয় বাসিন্দারা ভবিষ্যতে এ ধরনের সংঘাত এড়াতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।’