সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামে নেশাগ্রস্ত পুত্রের হামলায় এক বৃদ্ধ পিতা আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃদ্ধ পিতা বাদী হয়ে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, টেংরাখালী গ্রামের মৃত এলোম বক্স গাজীর পুত্র মোঃ দাউদ আলী গাজী (৮৫) পেশায় একজন বনজীবী। বয়সের ভারে ন্যুব্জ হলেও সংসারের অভাব-অনটনের কারণে এখনও জীবিকার তাগিদে বনজীবীর কাজ করে স্ত্রীকে নিয়ে কোনোরকমে জীবনযাপন করছেন। তার অভিযোগ, ছোট ছেলে মোঃ রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছে। নেশার টাকার জন্য সে প্রায়ই বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। এমনকি ভয়ভীতি প্রদর্শন করে বৃদ্ধ পিতার কাছ থেকে টাকা আদায় করত বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বৃদ্ধ দাউদ আলী গাজী অভিযোগে আরও জানান, মাদকাসক্তির কারণে রফিকুল ইসলামের সংসারেও অশান্তি লেগেই থাকত। প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ সৃষ্টি হওয়ায় তার স্ত্রী একপর্যায়ে বাবার বাড়িতে চলে যান। পরে রফিকুল তার স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য বৃদ্ধ পিতার ওপর চাপ সৃষ্টি করে। কিন্তু ছেলে নেশাগ্রস্ত হওয়ায় তার সংসারে স্থায়ীভাবে অশান্তি বিরাজ করছিল বলে দাউদ আলী এ বিষয়ে সম্মতি দেননি।

অভিযোগে বলা হয়, গত ১০ মে রোববার দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে রফিকুল ইসলাম দেশীয় অস্ত্র নিয়ে তার বৃদ্ধ পিতার ওপর হামলা চালায়। হামলার সময় হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি আঘাত করলে বৃদ্ধের দুই হাত ফুলে জখম হয়। এ সময় তার আত্মচিৎকারে প্রতিবেশী মোছাঃ রোকেয়া খাতুন, মোছাঃ মারুফা খাতুন ও মোঃ শামীম হোসেন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।

বর্তমানে বৃদ্ধ দাউদ আলী গাজী ও তার স্ত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পরিবারটিতে অশান্তি চলছিল এবং মাদকাসক্ত ছেলের আচরণে বৃদ্ধ দম্পতি মানবেতর জীবনযাপন করছেন।

এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলামের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভুক্তভোগী বৃদ্ধকে সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়া হবে।