দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দিতে চাঁদাবাজিকে কেন্দ্র করে সিএনজি স্ট্যান্ডে হামলা, ভাংচুর ও চালকদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।ভুক্তভোগীদের অভিযোগ গত বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শ্রীরায়েরচর বাজারের সিএনজি স্ট্যান্ডে স্থানীয় প্রভাবশালী হাবিবের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী চাঁদার দাবিতে হামলা চালায়। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অন্তত ৬টি সিএনজি ভাংচুর করে এবং কয়েকজন চালককে মারধর করে।আহত চালকদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। হামলার সময় স্ট্যান্ডে থাকা অন্যান্য চালকরা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন।ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় চাঁদা দাবি করা হচ্ছিল। তবে তারা এতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তারা। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনায় তারা আতঙ্কিত এবং দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। এ নিয়ে দাউদকান্দি বাজারে সিএনজি মালিক সমিতির পক্ষ হতে প্রতিবাদী মিছিল বের করা হয় যুবদল নেতার বিরুদ্ধে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।