ডাকসু জিএস এসএম ফরহাদ জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)- এর উদ্যোগে ইশতেহারের অংশ হিসেবে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে অবশেষে চালু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত শনিবারের বাস ট্রিপ। আজ শুক্রবার নিজের ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে তিনি এ খবর জানান।

তিনি জানান, শনিবার সরকারি ছুটির দিন হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের বাসরুটগুলোতে নিয়মিত ট্রিপ চালু হতে যাচ্ছে। এর ফলে সপ্তাহান্তে পরীক্ষা, গবেষণা, ল্যাব কার্যক্রম, সাংগঠনিক দায়িত্ব, লাইব্রেরি ব্যবহার, চাকরির প্রস্তুতি কিংবা ব্যক্তিগত প্রয়োজনে ক্যাম্পাসে আসা-যাওয়া করা হাজারো শিক্ষার্থীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে।

বসন্ত বাস রুটের সভাপতি খাদিজা বলেন অনুভূতি ব্যক্ত করে বলেন, শনিবারে ক্লাস ও পরীক্ষায় সময়মতো পৌঁছানো অনাবাসিক শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন ধরেই বড় চ্যালেঞ্জ ছিল। শনিবারের বাস ট্রিপ চালুর মাধ্যমে সেই ভোগান্তির সমাধান হওয়ায় তিনি ডাকসু, বিশেষ করে ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহকে ধন্যবাদ জানান।

ঢাবির পরিবহন ম্যানেজার হলেন মো. কামরুল হাসান বলেন, ডাকসু নেতৃবৃন্দের নিরলস প্রচেষ্টা ও শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্টের ফলেই শনিবারের বাস ট্রিপ চালু হতে যাচ্ছে। আশা করছি, সরকারি ছুটির দিন হলেও শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম শনিবারেও অনেক সময় থাকার কারণে শিক্ষার্থীরা এর সুফল ভোগ করবে।

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ বলেন, দীর্ঘ লড়াইয়ের পর শনিবারের বাস ট্রিপ চালু হচ্ছে। এর মাধ্যমে ডাকসুর আরেকটি ইশতেহার পূরণের সাথে সাথে শিক্ষার্থীদের দীর্ঘদিনের যে দাবি সেটি পূরণ হলো। এর আগে সন্ধ্যাকালীন বাস সার্ভিস চালুর ফলে শিক্ষার্থীরা সন্ধ্যার পর খুব সহজেই নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন। পাশাপাশি এক্সপ্রেসওয়েকে টোল ফ্রি করা, তরঙ্গ বাস রুটকে বসিলা পর্যন্ত সম্প্রসারণ এবং বসন্ত-শ্রাবণ রুটের সমস্যার সমাধানসহ একাধিক পরিবহন উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। কুমিল্লায় নতুন রুট চালু করে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করা হয়েছে। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের পরিবহন সুবিধা উন্নত ও টেকসইভাবে বজায় রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে ডাকসু।

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও দৈনন্দিন ভোগান্তি নিরসনে ডাকসু সবসময় কার্যকর ও বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।শনিবারের বাস ট্রিপ চালু হওয়া শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবির একটি বাস্তবায়ন, যা ডাকসুর নিরবচ্ছিন্ন প্রচেষ্টার ফল। এ উদ্যোগের মাধ্যমে অনাবাসিক ও দূরবর্তী শিক্ষার্থীদের যাতায়াতের বড় ভোগান্তি দূর হবে এবং তাদের একাডেমিক কার্যক্রম আরও সহজ হবে। ডাকসু সবসময় শিক্ষার্থীদের অধিকার ও সুবিধার প্রশ্নে অটল থাকবে এবং যেকোনো যৌক্তিক দাবি বাস্তবায়নে কাজ করে যাব।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ডাকসুর প্রচেষ্টায় শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবির প্রেক্ষিতেই শনিবারের বাস ট্রিপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। উপাচার্যের নেতৃত্বে সিন্ডিকেট ও প্রশাসনের সহযোগিতায় চালু হওয়া এ সেবা বিশেষ করে ক্লাস, পরীক্ষা, গবেষণা ও অন্যান্য একাডেমিক কাজে ক্যাম্পাসের বাইরে থেকে আসা শিক্ষার্থীদের জন্য বড় সহায়ক হবে বলে আশা করছি।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হায়দার, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির, তাজিনুর রহমান, উম্মা উসওয়াতুন রাফিয়া সহ ডাকসু ও হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ।