ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে ‘সেলফ ডিফেন্স, ফিটনেস অ্যান্ড ডায়েট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। অনুষ্ঠানে ফিটনেস ও ডায়েট বিষয়ে বক্তব্য দেন ফিটনেস এক্সপার্ট ও জিম ট্রেইনার আবু সুফিয়ান তাজ এবং আত্মরক্ষার কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেন সেলফ ডিফেন্স এক্সপার্ট ডেভিড আব্রাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন। ইংরেজি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমানাতুল ইফফাত ফারিশা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ ছাড়া ডাকসুর আইন সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ক্রীড়া সম্পাদক তাজকিরুল ইসলাম এবং কবি জসীমউদ্দীন হলের ক্রীড়া সম্পাদক নাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে আত্মরক্ষার বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন ও প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা, স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত ব্যায়াম, সঠিক খাদ্যাভ্যাস এবং ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়। পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা।
অনুষ্ঠানে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, “ছাত্রীদের জন্য প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত জিমনেসিয়ামটি শিগগিরই উদ্বোধন করা হবে। ডাকসুর ক্রীড়া সম্পাদক শিক্ষার্থীদের নিরাপত্তা ও খেলাধুলার অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের কল্যাণে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানের শেষ পর্বে আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৬৬৬ জন শিক্ষার্থীর জন্য বিনামূল্যে খাদ্যতালিকা প্রস্তুতকারী নারী পুষ্টিবিদদের ডাকসুর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে ফায়ার সার্ভিসের উদ্ধার প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থী এবং ছাত্রী হলগুলোতে আয়োজিত সাত দিনব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।
সেমিনারটি শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপন এবং আত্মরক্ষার বিষয়ে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।