জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হয়েছে ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) আয়োজিত দিনব্যাপী এ জব ফেয়ারে ২৫টির বেশি শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান অংশ নেয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে ৭০০টির বেশি চাকরির সুযোগ ছিল।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে জব ফেয়ারের কার্যক্রম চলে। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও সদ্য স্নাতক সম্পন্ন করা তরুণরা অংশ নেন।
জব ফেয়ারে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলা, চাকরির সুযোগ সম্পর্কে জানা এবং জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার সুযোগ পান শিক্ষার্থীরা। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়া, করপোরেট সংস্কৃতি ও ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কেও ধারণা নেন তারা।
জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহার বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ তৈরির লক্ষ্যেই আমরা এই জব ফেয়ারের আয়োজন করেছি। শিক্ষার্থীদের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সরাসরি যোগাযোগ তৈরি করা ছিল আমাদের অন্যতম উদ্দেশ্য। আমরা আশা করি, এই আয়োজনের মাধ্যমে অনেক শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত ক্যারিয়ারের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন।”
জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, “জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট শুধু একটি চাকরির মেলা নয়। শিক্ষার্থীদের করপোরেট খাতের সঙ্গে পরিচিত করা, নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা এবং ক্যারিয়ার সম্পর্কে বাস্তব ধারণা দেওয়াই ছিল আমাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ আমাদের আয়োজনকে সফল করেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রত্যাশা অনুযায়ী এ ধরনের আয়োজন অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”
জাকসু সূত্রে জানা যায়, জব ফেয়ারের প্রধান পৃষ্ঠপোষক ছিল ব্র্যাক পরিচালিত ক্যারিয়ার হাব। প্লাটিনাম পৃষ্ঠপোষক হিসেবে ছিল নিউজিল্যান্ড ডেইরি ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস। গোল্ড পৃষ্ঠপোষক হিসেবে ছিল ইংলিশ থেরাপি, আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড, টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টস প্রাইভেট লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ ছাড়া সিলভার পৃষ্ঠপোষক হিসেবে ছিল দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড, স্পার্ক রাইড টেকনোলজি লিমিটেড ও হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল আবুল খায়ের গ্রুপ, আরএফএল গ্রুপ, ইফাদ গ্রুপ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ডেটা সলিউশন ৩৬০ লিমিটেড ও রিদম ব্লাড সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীরা বিভিন্ন চাকরির পদ, যোগ্যতা, নিয়োগপ্রক্রিয়া ও ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে পারেন। পাশাপাশি অনেক শিক্ষার্থী সরাসরি সিভি জমা দেন এবং প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিজেদের ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
দিনব্যাপী জব ফেয়ারের কার্যক্রম শেষে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হয় ‘রোড টু করপোরেট—ক্যারিয়ার সেশন’। এতে করপোরেট খাতের বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, করপোরেট সংস্কৃতি, জীবনবৃত্তান্ত প্রস্তুত, সাক্ষাৎকারের দক্ষতা ও পেশাগত উন্নয়ন নিয়ে দিকনির্দেশনা দেন। বক্তারা একাডেমিক পড়াশোনার পাশাপাশি যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, সমস্যা সমাধানের সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
এ ছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও কফির পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন ছিল। আয়োজনে গণমাধ্যম সহযোগী হিসেবে ছিল দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, দ্য ডেইলি ক্যাম্পাস, স্টার নিউজ, চ্যানেল ওয়ান ও ফেস দ্য পিপল।