গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য (ভিসি) নিয়োগ কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তারা বলছেন, বহিরাগতরা এসে হামলা করেছে। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি নিয়োগ দেয় সরকার। প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নিয়োগ বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকালে নবনিযুক্ত ভিসিকে লাল কার্ড দেখানোর কর্মসূচি পালন করা হয়। পরে শহীদ মিনারে জড়ো হলে সেখান থেকে সংঘর্ষ শুরু হয়।

শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগ দিতে হবে। ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ কার্যকর হবে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে রয়েছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।