জুলাই বিপ্লবের শহীদ ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের মেধাবী শিক্ষার্থী শাকিল হোসেন পারভেজের কবর জিয়ারত এবং রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
জুলাই বিপ্লব ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষকালব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৮ জুলাই) লক্ষ্মীপুরে শহীদ শাকিল হোসেন পারভেজের কবর জিয়ারত করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রতিনিধি দল লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা দেয়। কর্মসূচিতে অংশ নেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. মাহবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন শহীদ শাকিল হোসেন পারভেজের গর্বিত বাবা মোহাম্মদ বেলায়েত হোসেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ক্লাব প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিজনেস ক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন, সিএসই ক্লাবের সভাপতি মেহেদী হাসান রিফাত, সাবেক সভাপতি আনিস উদ্দৌলা, কালচারাল ক্লাবের সভাপতি শহীদ মুনতাসির এবং ডিবেট ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান শুভসহ বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে শহীদ শাকিল হোসেন পারভেজসহ জুলাই বিপ্লবের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল শহীদ শাকিলের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। বক্তারা বলেন, জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাদের আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের মেধাবী শিক্ষার্থী শাকিল হোসেন পারভেজ শহীদ হন। একই আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়া এলাকায় বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থী আহনাফ আবির আশরাফুল্লাহ শহীদ হন। এছাড়াও আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বহু শিক্ষার্থী আহত হন।
জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এ বছরও ১৮ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত পক্ষকালব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে। এরই অংশ হিসেবে প্রথম দিনে মানারাত ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের উদ্যোগে লক্ষ্মীপুরে শহীদ শাকিল হোসেন পারভেজের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।