অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমার যতটুকু জানা, এবার ঈদুল আজহা উপলক্ষ্যে দ্রব্যমূল্য বাড়েনি বরং কিছুটা কমেছে- বলে দাবি করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই।

বৃহস্পতিবার (২৮ মে) নিজ বাড়ি সংলগ্ন চট্টগ্রামের কাট্টলি দারুস সালাম জামে মসজিদে ঈদুল আজহার নামাজ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সাধারণ মানুষকে অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, মানুষকে অর্থনীতির সুফল পেতে হবে। খালি প্রবৃদ্ধির কথা চিন্তা করলে তো হবে না। দ্রব্যমূল্য যদি মানুষের আওতার বাইরে চলে যায়, সেখান থেকে তারা বঞ্চিত হয়। আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার। আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আশা করি ক্রমান্বয়ে দ্রব্যমূল্য কমে আসবে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, একটু সময় দিতে হবে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, তারপরে দেশের যে অর্থনীতি আমরা বিগত সরকারগুলো থেকে পেয়েছি। একটি ভঙ্গুর অর্থনীতিকে আগে সঠিক জায়গায় আনতে হচ্ছে। তারপর সমৃদ্ধির পথে যাব। এটার জন্য একটু সময় চাইতে আমি দেশবাসীর কাছে আবেদন করছি। একটু সময় দিতে হবে।

অর্থমন্ত্রী বলেন, একটি ভঙ্গুর অর্থনীতিকে সঠিক জায়গায় আনা, তারপর সামনের দিকে এগিয়ে যাওয়া সমৃদ্ধির পথে–একটু সময়ের প্রয়োজন। দেশের মানুষের কাছে আমাদের একটি আকুতি, একটি আবেদন, এই সময়টুকু আমাদের একটু দেন। “আমরা নির্বাচিত সরকার আপনাদের কাছে দায়বদ্ধ। এটি জনগণের কল্যাণের সরকার। আমরা একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছি। দোয়া করবেন, সবাই মিলে আশা করি সেটা আমরা করতে পারব।