বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মালিক-শ্রমিকের পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে হবে। শ্রমের মর্যাদা রক্ষায় প্রয়োজন হলে আন্দোলন-সংগ্রামের মাধ্যমেও অধিকার আদায় করা হবে।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে (জুম’আ বার) বিকেলে রংপুরের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এর বিভাগীয় মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখা।
ফেডারেশনের মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি সেলিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহগনগর জামায়াতের আমীর মাওলানা এটিএম আযম খান।
মাওলানা আব্দুল হালিম বলেন, ‘আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার চাই। একই সঙ্গে মালিকরাও যেন যথাযথ সম্মান পান, সেটিও নিশ্চিত করতে হবে। তবে শ্রমিকের অধিকার প্রদানে মালিকদের দায়িত্বশীল হতে হবে। ন্যায্যতার ভিত্তিতেই শ্রমিক ও মালিকের সম্পর্ক গড়ে উঠতে পারে।’
তিনি আরও বলেন, ‘চাঁদাবাজির নামে শ্রমিকদের অধিকার হরণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বাস করে না। শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। শুধু স্লোগানে নয়, বাস্তব কর্মসূচির মাধ্যমেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’
মাহবুবুর রহমান বেলাল এমপি বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত না হলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।
সভাপতির বক্তব্যে এডভোকেট কাওছার আলী বলেন, ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অপরিহার্য’ এই শ্লোগানকে সামনে শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের রংপুর মহানগর সহ-সভাপতি আবু সাঈম, মুত্তালিব হোসাইন, সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।