সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের অধিকার খর্ব করবেন না। আমাদের অধিকার আপনার (স্পিকার) মাধ্যমে সংরক্ষণ করা হোক। এই দুইটি বিল স্থগিত করুন—যে দুইটির কাগজ আজকেই সরবরাহ করা হয়েছে।’
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন (সংশোধন) ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬ পাসের জন্য উত্থাপন করা হলে তিনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬ সময়ের কোনও সীমার মধ্যে বন্দি নয়। এখানে সময়ের বাধ্যবাধকতা নেই। কিন্তু বিধি অনুযায়ী বিষয়টি মানা উচিত ছিল। আমরা তিন দিন আগে চেয়েও একদিন আগেও কাগজপত্র পাইনি, জাস্ট এখন ডেস্কে এসে পেয়েছি।
তিনি বলেন, ‘এই বিলটি যেহেতু সময়সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, তাই এটি পরবর্তী অধিবেশনে আনা যেতে পারে। আমি অনুরোধ করব আলোচনা স্থগিত করা হোক।’
ডেপুটি স্পিকার বলেন, ‘বিধি ৮০ অনুযায়ী, বিল দেওয়া হয়েছে গত পরশু, গতকাল রিপোর্ট দেওয়া হয়েছে। স্পিকারের এখতিয়ার থাকে কনডোন করার। আমরা এটা কনডোন করলাম।’
বিল পাস হওয়ার পর বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের অধিকার খর্ব হলো।’