১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস বিশ্বের মেহনতি শ্রমিকদের কাছে প্রেরণার দিন। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা বিশ্রাম ও বিনোদনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করেছিল। সে আন্দোলনে সরকারের ইশরায় পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি ও হামলা চালিয়ে ইতিহাসের বর্বরোচিত হত্যাকাণ্ড রচনা করে। পরবর্তী শ্রমিক নেতাদের প্রহসনের বিচারের মাধ্যমে ফাঁসি দিয়ে আন্দোলন দমিয়ে দেওয়ার চেষ্টা করে।

নেতৃদ্বয় বলেন, ইতিহাস সাক্ষী তাদের সেই চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তৎকালীন সরকারের লেলিয়ে দেওয়া পুলিশের গুলির ওপর শ্রমিকরা বিজয়ের সৌধ নির্মাণ করেছে। শ্রমজীবী মানুষরা তাদের দাবি আদায়ে বুকের তাজা রক্ত ঢেলেছে। আত্মত্যাগের নজরানা পেশ করেছে। তবুও অন্যায় ও জুলুমের কাছে মাথানত করেনি। শ্রমজীবী মানুষের এই আত্মত্যাগ আমাদেরকে সম্মান করতে হবে। বছরে একদিন শ্রমিক দিবসকে সীমাবদ্ধ করে রাখা যাবে না। শ্রমিক দিবসের তাৎপর্যকে ধারণ করতে হবে। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য সকল জুলুম নির্যাতনের অবসান করতে হবে। রাজপথে জোরালো ভূমিকা রাখতে হবে। সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে কণ্ঠকে উচ্চকিত করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, শ্রমজীবী মানুষের ওপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করতে এই দিন থেকে আমাদের প্রেরণা গ্রহণ করতে হবে। আগামী দিনে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে শিকাগোর সংগ্রামের মত ঐক্যবদ্ধ হতে হবে। তারা দেশবাসীসহ শ্রমজীবী মানুষদের এই দিনকে যথাযথ মর্যাদায় পালনের আহ্বান জানান।

নেতৃবৃন্দ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী/জেলা ও বিভিন্ন জাতীয় ইউনিয়ন ও ট্রেড ইউনিয়ন সমূহকে নিম্নোক্ত কর্মসূচি পালনের আহ্বান জানান—

জেলা ও উপজেলার উদ্যোগের রেলি ও শ্রমিক সমাবেশ; জাতীয় ইউনিয়নের উদ্যোগে রেলি শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন; ট্রেড ইউনিয়ন ভিত্তিক আলোচনা সভা রেলি ও শ্রমিক সমাবেশ; "আন্তর্জাতিক শ্রমিক সমাবেশের ডাক" লিফলেট সাধারণ শ্রমিকদের মাঝে বিতরণ ; কেন্দ্র জেলা মহানগরী উপজেলার উদ্যোগে পোস্টারিং করা; মহানগরী জেলার উপজেলা থানা ও ট্রেড ইউনিয়ন সমূহের উদ্যোগে শ্রমিক দিবসের শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও ফেস্টুন লাগানো; পেশা ভিত্তিক শ্রমিক সমাবেশ, র্যালী ও সামস্টিক ভোজের আয়োজন করা; বিভিন্ন শ্রমিক সংগঠনের সাথে মতবিনিয়ম; বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়; অসচ্ছল ও কর্মক্ষম শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান; বেকার শ্রমিকদের কর্মসংস্থানের সহায়তা প্রদান; শ্রমিক পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা ; সুবিধা বঞ্চিত শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং ইমাম ও খতীবদের মাঝে ইসলামে শ্রমিকদের অধিকার মর্যাদা সম্পর্কিত খুতবা বিতরণ।