বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, বৈষম্য, দুর্নীতি ও দলীয়করণের ঊর্ধ্বে উঠে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে গণভোটসহ জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জনগণের মতামতকে প্রাধান্য দিয়েই রাষ্ট্র পরিচালনার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম বিআইএ উত্তর জেলা জামায়াতের হলরুমে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান আরও বলেন, আজ দেশের মানুষ গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক বৈষম্য, নৈতিক অবক্ষয় ও সামাজিক অনিরাপত্তা থেকে উত্তরণে আদর্শিক ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রয়োজন। তিনি বলেন, ইসলামী আদর্শভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে গণমানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি সংগঠনের দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। প্রতিটি স্তরে সাংগঠনিক কাঠামো কার্যকর করার পাশাপাশি জনশক্তির মানোন্নয়নে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করতে হবে। আদর্শিক প্রশিক্ষণ, দাওয়াতি কার্যক্রম, নিয়মিত সাংগঠনিক যোগাযোগ ও দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে।

তিনি বায়তুলমাল বিভাগের কার্যক্রম প্রসঙ্গে বলেন, সংগঠনের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিকল্পিত অর্থ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করতে হবে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বায়তুলমালকে আরও কার্যকর ও জনমুখী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে রুকন ও কর্মীদের মধ্যে সহযোগিতা ও ত্যাগের মানসিকতা বৃদ্ধি করে সংগঠনের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আহসানুল্লাহ বলেন, আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি শক্তিশালী জনভিত্তিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি দায়িত্বশীলদের জনগণের সুখ-দুঃখে সম্পৃক্ত থেকে ইসলামী আন্দোলনের দাওয়াত সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আলাউদ্দিন সিকদার বলেন, সংগঠনকে গতিশীল ও কার্যকর করতে প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিকতা, জবাবদিহিতা ও কর্মতৎপরতার পরিচয় দিতে হবে। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে উত্তর জেলার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।