স্টাফ রিপোর্টার
দেশের রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি মাফিয়া গ্যাং। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না। গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপ করে অন্তর্বর্তী সরকার। গত ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরও সেই নিষেধাজ্ঞা আরোপিত রয়েছে।
একইসঙ্গে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যা দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাইযোদ্ধারা দলটির রাজনীতি করার সুযোগ নেই বলে দাবি করে আসছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে নি।
যদিও আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করে জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের বৈধতার প্রশ্নে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে গত রোববার।
এদিকে ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার জন্য মৃত্যুদ- অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন ডা. জাহেদ উর রহমান। বলেছেন, শেখ হাসিনা বর্তমানে একজন পলাতক ও মৃত্যুদ-প্রাপ্ত আসামী। তার আর আপিল করার সুযোগ নেই। ফলে দেশে ফিরে নিজের বিরুদ্ধে হওয়া বিচার পুনর্বিবেচনার সুযোগও তার নেই।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে সরকার দেশে ফিরিয়ে আনতে চায় কি না, এ নিয়ে কেউ কেউ যে ধরনের অনুমান করছেন তা সঠিক নয়। ভারতের ওপর চাপ তৈরির জন্য প্রত্যর্পণের দাবি তোলা হচ্ছেÑসরকারের এমন কোনো কৌশল নেই। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।
উপদেষ্টা বলেন, শেখ হাসিনা, আপনি আসবেন না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই। আপনি আসামী, আপনি পলাতক আসামী, মৃত্যুদ-প্রাপ্ত আসামী।
শেখ হাসিনার আপিলের সুযোগ নেই উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, তার এখন আর আপিল করার সুযোগ নেই। ফলে তিনি দেশে ফিরে এসে আপিল করে নিজের বিরুদ্ধে হওয়া বিচার পুনর্বিবেচনার সুযোগও পাবেন না।
বিষয়টি ব্যাখ্যা করে জাহেদ উর রহমান বলেন, টেকনিক্যালি এখন এরকম, তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদ- অপেক্ষা করছে। সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে চায় বলেও জানান তিনি।