স্টাফ রিপোর্টার

সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দীর্ঘদিন ধরে অবহেলিত বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসাপদ্ধতির উন্নয়ন ও প্রসারে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সকালে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনকালে শিক্ষক ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজটি বর্তমানে অত্যন্ত অবহেলিত অবস্থায় রয়েছে। এ প্রতিষ্ঠানের শিক্ষক-চিকিৎসকদের নিয়মিত সম্মানী, ইন্টার্ন চিকিৎসকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং অন্যান্য যৌক্তিক দাবিগুলো সংসদে তুলে ধরা হবে।

তিনি বলেন, শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের নানা সংকট দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন।

পরিদর্শনকালে জামায়াত আমির হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসামগ্রী উপহার দেন। এ সময় শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা ভবন সংকট, কর্মস্থলের সীমাবদ্ধতা, নিয়মিত সম্মানী না পাওয়া এবং ইন্টার্ন চিকিৎসকদের সুযোগ-সুবিধাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

ডা. শফিকুর রহমান বলেন, তুলনামূলকভাবে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা সাশ্রয়ী এবং এর পার্শ্বপ্রতিক্রিয়াও কম। দেশের সাধারণ মানুষের জন্য এ চিকিৎসাপদ্ধতির গুরুত্ব বিবেচনায় নিয়ে এর উন্নয়ন ও প্রসারে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি সরকারি এই চিকিৎসাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক-চিকিৎসকদের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।