জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। গতকাল মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক আয়োজনের মাধ্যমে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
শপথ গ্রহণের পর রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।
খলিলুর এক বছরের জন্য ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন। তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে ফিরছে বাংলাদেশ।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ছিলেন এ পদে দায়িত্ব পালনকারী প্রথম বাংলাদেশি। তিনি ১৯৮৬-৮৭ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন। গত ২ জুন গোপন ব্যালটে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হন ড. খলিলুর রহমান। এতে তিনি পান ৯৯ ভোট। অন্যদিকে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিস পান ৯১ ভোট।
জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রমিক ব্যবস্থা অনুযায়ী, এবার সভাপতির পদটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত ছিল। নতুন অধিবেশন শুরুর আগে সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ড. খলিলুরের সঙ্গে সাক্ষাৎ করেন। জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় এ তথ্য জানিয়ে সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতিকে ‘উষ্ণ অভিনন্দন ও শুভকামনা’ জানিয়েছে।