চুরি-ছিনতাই ও মাদকের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নেমেছেন গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীপুর উত্তর এলাকার বাসিন্দারা। ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই স্লোগানে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন তারা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ আছর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতিতে মানববন্ধনটি পরিণত হয় অপরাধবিরোধী প্রতিবাদে। এ সময় বক্তারা এলাকায় চুরি-ছিনতাই বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ, নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিনিয়ত চুরি-ছিনতাইয়ের ঘটনায় এলাকার সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। নিজেদের জানমাল ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। সন্ধ্যার পর অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

বক্তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের সঙ্গে জড়িয়ে কিশোর ও তরুণদের একটি অংশ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিকভাবেও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারা বলেন, অপরাধ দমনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। এলাকাবাসীকেও ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দিয়ে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি এলাকায় কোনো সন্দেহজনক কর্মকাণ্ড দেখা গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আমানউল্লাহ, মো. শাহীন, রফিকুল ইসলাম প্রধান, সুরুজ জামান, জামাল উদ্দিন, মাসুদ রানা, মো. মজিবুর রহমান প্রধান, সানোয়ার মন্ডল ও মো. ফরিদ আহমেদসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধন থেকে চুরি, ছিনতাই ও মাদকমুক্ত নিরাপদ শ্রীপুর উত্তর গড়ে তুলতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।