বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজ রোববার বিকাল ৪টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ২য় তলার তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শ্রমিকবান্ধব বাজেট চাই’ শীর্ষক ২০২৬-২০২৭ অর্থবছরের শ্রমিকবান্ধব বাজেট প্রস্তাবনা উপস্থাপন করবে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের প্রস্তাবিত বাজেট প্রস্তাবনায় শ্রমিক, কৃষক ও মেহনতী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, আবাসন, কর্মসংস্থান ও মানবিক জীবন নিশ্চিতকরন বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান।
এর আগে গত ১৮ মে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এর আব্দুস সালাম হলে আয়োজিত প্রাক-বাজেট মতবিনিময় সভায় প্রায় ২২টি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে শ্রমজীবী মানুষের নানা সমস্যা ও দাবি তুলে ধরেন। তারা বলেন স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও জাতীয় বাজেটে শ্রমখাতে উল্লেখযোগ্য বরাদ্দ নিশ্চিত হয়নি। অথচ প্রতিবছর প্রায় ২০ লাখ নতুন শ্রমশক্তি কর্মক্ষেত্রে যুক্ত হচ্ছে এবং গত পাঁচ বছরে প্রায় এক কোটি শ্রমিক কর্মবাজারে প্রবেশ করেছে।