বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সোনাতনপুর গ্রামের ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর (মনিপুরি) এক গৃহস্থের প্রায় ৩ লাখ টাকা মূল্যের তিনটি মহিষ চুরির ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার দুইদিনেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন মহিষ মালিক। তবে, এলাকাবাসী গোপন সংবাদের হাকালুকি হাওড়ের চাতলা বিলের পাড় থেকে একটি মহিষ উদ্ধার ও দুলাল মিয়া নামে এক চোরকে আটক করে বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় পুলিশে সোপর্দ করেন। অবেশেষে শনিবার বিকেলে থানা পুলিশ মহিষ চুরির মামলার আসামি হিসেবে আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
ভুক্তভোগী গৃহস্থ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সোনাতনপুর গ্রামের মনিপুরি সম্প্রদায়ের গৃহস্থ’ বাবাতন সিংহের গোয়াল ঘর থেকে ৭ এপ্রিল রাতে তিনটি মহিষ চুরি হয়। পরদিন তিনি থানায় লিখিত অভিযোগ দেন। বাবাতন সিংহ জানান, এই মহিষগুলোই তার উপার্জনের একমাত্র সম্বল। এগুলো চুরি হওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়। তার অভিযোগ, মহিষ চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার দুইদিনেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী নিয়ে বৃহস্পতিবার ১০ এপ্রিল হাকালুকি হাওড়ের চাতলা বিলের পাড়ের ছাদু মিয়ার বাতান থেকে একটি মহিষ উদ্ধার ও দুলাল মিয়া নামক এক চোরকে আটক করেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে ছাদু মিয়া পালিয়ে যায়।