তালা (সাতক্ষীরা) সংবাদদাতা: সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরাপরাধ নারী শিশু নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ১১ এপ্রিল শুক্রবার বাদ জুমা তালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা প্রেস ক্লাবের আহ্বানে এই সমাবেশে তালা উপজেলা মডেল মসজিদ সহ আশেপাশের বেশ কয়েকটি মসজিদের ইমাম মুসল্লী সহ তালা উপজেলা ওলামা পরিষদ, হাজী কল্যাণ ফাউন্ডেশন, তালা আদর্শ যুব সংঘ সহ বেশ কয়েকটি সংগঠন ও সর্বস্তরের সাধারণ জনগণ নিজ নিজ ব্যানার নিয়ে এই বিক্ষোভ মিছিলে যোগদান করেন। জুমার নামায শেষে আশে পাশের সকল মসজিদ থেকে মুসল্লী ও সাধারণ জনগণ তালা পুরাতন হাই স্কুল মাঠে জড়ো হতে থাকে। এক পর্যায়ে পুরো মাঠে লোকে লোকারণ্য হয়ে যায়। এর পর সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও মাঠে ফিরে আসে। মিছিল শেষে তালা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান মিঠুর উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন শাহাপুর জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আজগার হুসাইন জমিরি, জামায়াত নেতা মাওলানা কবিরুল ইসলাম, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফি, তালা উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি সাইদুর রহমান সাঈদ, শিবির নেতা আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম রেজা, তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আকবর হোসেন সহ আরো অনেকে সবশেষে তালা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমানের বক্তব্য ও মুনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।

আশাশুনি (সাতক্ষীরা): নিরীহ ফিলিস্তিনবাসীর উপর ইসরাইলের বর্বরোচিত হত্যাযজ্ঞেরর প্রতিবাদে আশাশুনি উপজেলার প্রতাপনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রতাপনগর ইউনিয়ন জামায়াত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহীদ আনাস বিল্লাহ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে আশাশুনি উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি প্রফেসর শাহজাহান হোসেন, সমাজকল্যাণ সম্পদক মাওঃ রিয়াছাত আলী, প্রতাপনগর ইউনিয়ন ধজামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওঃ শফিকুল ইসলাম, সেক্রেটারি মাওঃ আল-আমিন, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাসুদ রানা ও রফিকুজ্জামান, ইসলামী ছাত্রশিবিরের আশাশুনি দক্ষিণ সাথী শাখার সভাপতি মোহিব্বুল্লাহ, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি মাওঃ মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন জামায়াতের যুব বিভাগীয় সেক্রেটারি মাওঃ আবু সাঈদ, ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওঃ ইউসুফ জামিল, ওলামা বিভাগীয় সভাপতি মাওঃ আসাদ আলীসহ বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও শত শত মুসল্লি অংশগ্রহণ করে।

ঝালকাঠি: ঝালকাঠির নবগ্রামে ইউনিয়নের বাউকাঠিতে প্যালেস্টাইনে ইজরাইলী গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাউকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নবগ্রাম বাজার রোড, হিমানন্দকাঠি হয়ে পুনরায় বাউকাঠি স্কুলের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে শত শত তৌহিদী জনতা বাউকাঠি স্কুলের সামনে রাস্তার পাশে মানব বন্ধন কর্মসূচী পালন করেন। ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা কামরুল ইসলাম, আলহাজ্ব হাফিজুল ইসলাম, মাওলানা মারেফত উল্লাহ, খতিব হাফেজ জুনায়েদ, মাওলানা জালাল উদ্দিন ও মাওলানা আল আমিন প্রমুখ।

বক্তারা অবিলম্বে বাংলাদেশ সরকারের মাধ্যমে ফিলিস্তিনে গণহত্যা বন্ধেরদাবী জানান, তারা এ ধরনের নারকীয় অমানবিক হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ফিলিস্তনের মুসলমান সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি জন্য দোয়া মুনাজাত করে কর্মসূচি শেষ করা হয়।

দাউদকান্দি: উপজেলার পৌর সদর বাজার বড় মসজিদের সামনে (১১ এপ্রিল শুক্রবার) দাউদকান্দি জার্নালিস্ট ফোরাম এবং অনলাইন এক্টিভিষ্ট এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। আগত বক্তারা সবাই ইসরায়েলী পণ্য বয়কট এর জন্য তাগিদ দিয়েছেন। সমাজের তরুণদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য সরকার প্রধানকে অনুরোধ করা হয়েছে। কবি ও সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার এর উদ্যোগে আজ আয়োজিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাজার কমিটির সদস্য তৌফিক রুবেল, মডেল থানা মসজিদের ইমাম জয়নাল আবেদিন ও খতিব মুফতি এহসান ফারুকী, জসিমউদদীন মাহমুদ,আব্দুল হান্নান মোল্লা,মামুন স্যার, কাজী জাফর আহমেদ সহ প্রমুখ।