নরসিংদীর শিবপুরে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৭ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদী এলাকায় ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের পাশে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, কুমরাদী এলাকায় জনৈক বাছেদ মুন্সির জমিতে ভেকু দিয়ে পুকুর খননের সময় মাটির নিচ থেকে একটি অর্ধগলিত লাশ বের হয়ে আসে। এ সময় বিষয়টি ভেকুচালক শামীম শেখ আশপাশের লোকজনকে জানান। খবর পেয়ে দুপুরে অজ্ঞাতনামা নারীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় শিবপুর মডেল থানার পুলিশ।

পুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ হান্নান বলেন, সকালে জানতে পারি, পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে একজনের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেই।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, ‘ভেকু দিয়ে পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে অজ্ঞাতনামা একজনের অর্ধগলিত লাশ বের হয়ে আসার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে লাশটি পচে যাওয়ায় বলা যাচ্ছে না এটাকি মহিলা না পুরুষ। তবে ধারণা করা হচ্ছে এটি মহিলার লাশ হতে পারে। পরিচয় শনাক্তের চেষ্টার পাশাপাশি পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।