নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সহ-সেক্রেটারি ও গাজী রাবার প্রসেসিং প্লানটেশনের ম্যানেজার শামিম রেজাকে গুলী করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুলীর আঘাতে তিনি গুরুতর আহত হয়ে ককসবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি ঘটেছে, রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১১ টায় বাইশারী বাজার -নারিচবুনিয়া সড়কের নারিচবুনিয়া শ্মশানঘাট এলাকায়।

আহতের ভাই সরওয়ার আলম জানান, তার বড় ভাই শামিম রেজা নিজ অফিসের হিসেব নিকেশ করে অবশিষ্ট টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ৫/৬ জনের একটি অস্ত্রধারী দল তাকে গুলী করে তার কাছে থাকা বেশকিছু টাকাও লুট করে নিয়ে যায়। ঘটনায় আহতের মা শাহিদা বেগম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার নাম রাকিবুল হাসান ( ২৩)। সে বাইশারী পুনর্বাসন পাড়ার মো: ইসহাকের ছেলে।

তবে রাকিবের পরিবার জানান, সে নির্দোষ। এ দিকে মামলার বাদী জানান, বর্তমানে তার ছেলে শামিম রেজা ককসবাজার সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার মো. মাশরুরুল হক জানান, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসী যেই হোক না কেন যাচাই-বাচাই করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।