মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা : মহেশখালী সোনাদিয়া পশ্চিম পাড়া চরে জোয়ারের পানিতে ভেসে এলো আরো একটি লাশ। গভীর রাতে মহেশখালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, ৪ মে সন্ধ্যায় সোনাদিয়ার চরে স্থানীয় লোকজন একটি লাশ পড়ে থাকতে দেখে মহেশখালী থানা পুলিশকে খবর দেয়। এই রকম লাশের খবর পেয়ে মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ কাইছার হামিদের নির্দেশক্রমে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল ও এসআই সুমিত বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম গভীর রাতে সোনাদিয়া পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে লাশটির পরিচয় পাওয়া যায়নি। রাত সাড়ে তিনটায় পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষ করে। পরে ময়না তদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে লাশটি কোন পর্যটক হতে পারে এবং অল্প সময়ে ভেসে আসতে পারে। তবে লাশের শরীরে বড় ধরনের আঘাতের কোনো চিহ্ন নেই বলে সুরতহাল রিপোর্টে তিনি জানান। এব্যাপারে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতুল কুমার শীল।