আবদুল হাই ইদ্রিছী, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়ায় ১৩ ফুট লম্বা অজগর সাপ অবমুক্ত করেছে বনবিভাগ। রেসকিউ সেন্টারে ১০ দিন পর্যবেক্ষনে রাখার পর শেষে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উদ্ধারকৃত এ অজগরটিকে বনে অবমুক্ত করা হয়। জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানে খাদ্যের সংকটে বন্যপ্রাণীরা লোকালয়ে বেরিয়ে পড়ছে। বিশেষ করে সংরক্ষিত বনের অজগর সাপগুলো লোকালয়ে মানুষের বাড়িঘরে হানা দিচ্ছে। গত ৩০ মার্চ শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগান এলাকা থেকে খবর পেয়ে লাউয়াছড়া বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগ লোকজন বিশাল আয়তনের অজগর সাপটি উদ্ধার করে রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়। ১০ দিন পর্যবেক্ষণ শেষে বৃহস্পতিবার দুপুর ১২ টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় অজগরটিকে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কাজী নাজমুল হক, ইকো গাইড অজানা আহমদ কামরানসহ বনবিভাগের লোকজন। লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, গত ৩০ মার্চ চা বাগান হতে উদ্ধার করা হয় অজগর সাপটি। রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণ শেষে সুস্থ অবস্থায় অজগরটি অবমুক্ত করা হয়। অজগর সাপটির দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট।