বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার এক যৌথ বিবৃতিতে এ দাবি করেন। একই সঙ্গে নেতৃবৃন্দ সাংবাদিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে বিএফইউজে-ডিইউজে বদ্ধপরিকর বলে বিবৃতিতে উল্লেখ করেছেন।
গতকাল শনিবার দেয়া বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজে বলেছে, বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির অবৈধভাবে চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটি বাতিল করে কাজে যোগদান নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের ন্যায্য যে কোন দাবি ও অধিকার আদায়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) বদ্ধপরিকর।
নেতৃবৃন্দ বলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির অবৈধভাবে চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর বিষয়টি অবহিত হওয়ার পর ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ গণমাধ্যমটির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। প্রাথমিক ভাবে চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটির বিষয়টি প্রত্যাহার না করায় কর্মসূচি পালন করে ডিইউজেসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এরপরও বিষয়টি সুরাহা না হওয়ায় ফের কর্মসূচি ঘোষণা করে ডিইউজে। একপর্যায়ে এখন টিভির কর্তৃপক্ষ ডিইউজেসহ সাংবাদিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে বিষয়টি নিয়ে বৈঠকে মিলিত হন এবং এখন টিভির চার সাংবাদিক তাদের দায়িত্ব ফিরিয়ে নিতে আশ্বাস দেন। আশ্বাস বাস্তবায়ন না করে বিষয়টি নিয়ে তালবাহানা শুরু করে এখন টিভি কর্তৃপক্ষ।
গত ২১ তারিখ বৃহস্পতিবার ডিইউজে নেতৃবৃন্দসহ সাংবাদিক নেতৃবৃন্দ এখন টিভি কার্যালয়ে বিষয়টি নিয়ে পূর্বের আশ্বাস বাস্তবায়ন অগ্রগতি নিয়ে যেতে চাইলে ভবনটির প্রবেশমুখেই বাঁধার সৃষ্টি ও নেতৃবৃন্দের সাথে অসৌজন্যমূলক আচরণ করে এখন টিভির দায়িত্বশীল কর্মকর্তাগণ।
এখন টিভির কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণ সাংবাদিক সমাজকে ক্ষুব্ধ করেছে এবং এরূপ কর্মকান্ড ঐতিহ্যবাহী ট্রেড ইউনিয়ন বিএফইউজে-ডিইউজেকে অবমাননার শামিল।