পবিত্র ঈদুল আযহায় ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

আজ বৃহস্পতিবার (২৮ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে জকসু কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উপহার হিসেবে রেজিস্ট্রেশনকৃত প্রত্যেক শিক্ষার্থীকে কুরবানির মাংসের প্যাকেট প্রদান করা হয়।

উপহার গ্রহণ করে ইতিহাস বিভাগের শিক্ষার্থী সুজন মিয়া বলেন, বাড়িতে থাকলে আমরা হয়তো কোরবানির মাংস খেতে পারতাম। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে এবার বাড়িতে যাওয়া হয়নি। তবে জকসু আমাদেরকে এ উপহার দেওয়ায় আমরা কোরবানির মাংসের স্বাদ গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ।

বাংলা বিভাগের শিক্ষার্থী নজরুল ইসলাম বলেন, জকসুকে ধন্যবাদ জানাই এমন উদ্যোগ গ্রহণের জন্য। আমরা যারা ঈদে ঢাকাতে অবস্থান করছি তাদের জন্য খুবই উপকার হয়েছে। আশা করছি, জকসু এরকম শিক্ষার্থীবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও চলমান রাখবে।

জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ঈদে আমাদের অনেক শিক্ষার্থীই বাড়িতে যাননি, ঢাকায় অবস্থান করছেন। জকসুর নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমরা সবসময়ই চেষ্টা করি শিক্ষার্থীদের পাশে থাকার। ঈদ উপহার বিতরণের মাধ্যমে আমরা তাদের সাথে আমাদের ঈদ আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করছি।

জকসু জিএস আব্দুল আলিম আরিফ বলেন, বিভিন্ন সমস্যার কারণে অনেক শিক্ষার্থীই বাড়িতে যেতে পারেনি। সেসব শিক্ষার্থী ভাই-বোনদের ঈদ আনন্দ যাতে ম্লান না হয় সে কারণেই আমরা এই উপহারসামগ্রী বিতরণের আয়োজন করেছি। আশা করি আমাদের এই ছোট্ট উপহার কিছুটা হলেও তাদের ঈদ আনন্দ বাড়িয়ে দিবে।

উপহার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জকসুর এজিএস মাসুদ রানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছা: সুখীমন খাতুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ মে) জকসুর অফিসিয়াল ফেসবুক পেইজে ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য জকসুর পক্ষ থেকে ঈদ উপহার প্রদানের ঘোষণা দেওয়া হয় এবং আগ্রহী শিক্ষার্থীদেরকে অনলাইন রেজিস্ট্রেশনের আহ্বান করা হয়।