প্যারিস থেকে মুহাম্মদ নূরুল ইসলাম: বাংলা সাহিত্য ও সংস্কৃতির অবিনাশী প্রেরণার উৎস জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আলোচনা সভা। “দ্রোহের কবি, প্রাণের কবি” শীর্ষক এ আয়োজন প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক উৎসবে।

বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) বিকেল চারটায় প্যারিসের অদূরে ওবেরভিলিয়ে এলাকার ইস্টিকুটুম রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, প্যারিস ফ্রান্স”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি সোহেল আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক নজমুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট নজরুল গবেষক খোরশেদ আলম পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, বিশিষ্ট রাজনীতিবিদ এখলাসুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল হাকিম, লেখক ও মানবাধিকারকর্মী সেলিম আহমদ, কবি ও লেখক মামুনুর রশিদ মামুন, তরুণ চিন্তক অ্যাডভোকেট মনোয়ার হোসেন পাটোয়ারী, কবি ও লেখক বদরুজ্জামান জামান, গোলাপগঞ্জ ক্রীড়া সংস্থা ফ্রান্সের সভাপতি শাহ আলম, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কবি চৌধুরী রেজাউল হায়দার, কমিউনিটি ব্যক্তিত্ব জবরুল ইসলাম, গোলাপগঞ্জ হেল্পিং ফাউন্ডেশনের সভাপতি সামাদুর রহমান অপু এবং তরুণ সমাজকর্মী আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সাধারণ সম্পাদক ময়নুল হক। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষা ও সাহিত্য সম্পাদক জুয়েল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল গবেষক খোরশেদ আলম পাটোয়ারী বলেন,”জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন আমাদের জাতিসত্তার প্রবাদপুরুষ। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্য, মানবতা ও ভালোবাসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। নতুন প্রজন্মের কাছে নজরুলকে নতুনভাবে পরিচয় করিয়ে দিতে প্রবাসে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন বলেন,”প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত রাখতে নজরুলচর্চার কোনো বিকল্প নেই। নজরুলের সাহিত্য আমাদের অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়।”

কবি বদরুজ্জামান জামান তাঁর বক্তব্যে বলেন, “নজরুল ছিলেন বিদ্রোহ ও প্রেমের কবি। তাঁর সাহিত্য মানুষের অধিকার, মুক্তি ও সাম্যের কথা বলে।”

কবি চৌধুরী রেজাউল হায়দার বলেন, “নজরুলের সাহিত্য আজও বিশ্বব্যাপী নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হিসেবে বিবেচিত।”

তরুণ চিন্তক অ্যাডভোকেট মনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, “তরুণ সমাজকে মানবিক ও প্রগতিশীল চিন্তায় উদ্বুদ্ধ করতে নজরুল সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম।”

সভাপতির বক্তব্যে কবি সোহেল আহমদ বলেন, “নজরুল কেবল একটি নাম নয়; তিনি বাঙালির চেতনা, সাহস ও মানবতার প্রতীক। তাঁর সাহিত্য ও দর্শন আজও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে আমাদের অনুপ্রাণিত করে।”

তিনি এ সময় কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ সঞ্চিতা ফরাসি ভাষায় অনুবাদের উদ্যোগের ঘোষণা দেন। পাশাপাশি ভবিষ্যতে নজরুল দিবস উদযাপনের ধারাবাহিকতার সঙ্গে ঐতিহাসিক পলাশী দিবস পালনের কথাও জানান।

শেষে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।