স্টাফ রিপোর্টার

বাংলাদেশের ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী, সম্পাদক ও সংবাদ বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন বাংলাভিশনের প্রধান সম্পাদক ও হেড অব নিউজ ড. আবদুল হাই সিদ্দিক, সময় টিভির সিইও জোবায়ের আহমেদ বাবু, যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ, এটিএন বাংলার হেড অব নিউজ মতিউর রহমান, এটিএন নিউজের সিইও শহিদুল আজম, চ্যানেল আই-এর প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান কাঞ্চন, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস খান এবং এখন টিভির হেড অব নিউজ মোস্তফা কামাল স্বপন।

এছাড়া স্টার নিউজের হেড অব নিউজ ওয়ালিউর রহমান মেরাজ, একাত্তর টেলিভিশনের সিইও ও হেড অব নিউজ শফিক আহমেদ, ইনডিপেনডেন্ট টিভির হেড অব নিউজ মামুন আব্দুল্লাহ, ডিবিসি নিউজের সিএনই সাহাবুদ্দীন চৌধুরী, নিউজ২৪ এর হেড অব নিউজ শরিফুল ইসলাম খান, চ্যানেল২৪ এর নির্বাহী পরিচালক ও হেড অব নিউজ জহিরুল আলম, এসএ টিভির নিউজ ইনচার্জ ওয়াহিদ মিল্টন এবং বৈশাখী টিভির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন উপস্থিত ছিলেন।

মতবিনিময়ে আরও অংশ নেন দীপ্ত টিভির হেড অব নিউজ এস এম আকাশ, মোহনা টিভির প্রধান বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ, জিটিভির হেড অব নিউজ গাউসুল আজম বিপু, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক শাখাওয়াত হোসেন নবিন, এশিয়ান টিভির সিইও হাসনাইন খুরশেদ, মাই টিভির এডিটর ইন চিফ মাহমুদ আল ফয়সাল, বাংলা টিভির পরিচালক বার্তা মীর নূর উস শামস শান্তনু, চ্যানেল এস এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুজিত চক্রবর্তী, গ্রিন টিভির হেড অব নিউজ মাহমুদ হাসান এবং টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রধান কামরুজ্জামান বাবলু।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

ব্রিফিংয়ে তিনি আমীরে জামায়াতকে উদ্ধৃত করে বলেন, সমাজের বিদ্যমান জনদুর্ভোগ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে আলোচনা করেছেন বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এখন গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে দেশের রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে। এ ক্ষেত্রে সংসদের ভেতরে ও বাইরে জামায়াতের প্রকাশ্য ও আন্তরিক ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, মতবিনিময় সভায় কয়েকজন গণমাধ্যম নির্বাহী মত দেন, জুলাই সনদ অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের বিষয়ে যারা ভিন্নমত পোষণ করছেন, তাদের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন। কোনো ভিন্নমত ছাড়াই গণভোটের রায় মেনে নেওয়া হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের পরিষ্কার বক্তব্য দেওয়া উচিত বলেও তারা পরামর্শ দেন।

তিনি আরও বলেন, জনজীবনের দুর্ভোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, সন্ত্রাস এবং সংকীর্ণ দলীয়করণসহ দেশের বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভায় আলোচনা হয়েছে। একই সঙ্গে সংবাদ পরিবেশনের পাশাপাশি জনমত ও জাতীয় ঐকমত্য গঠনে ইলেকট্রনিক গণমাধ্যমের ভূমিকার বিষয়টিও তুলে ধরেন আমীরে জামায়াত।

বিরোধীদলীয় নেতা বলেন, সংবাদ পরিবেশন যেমন গণমাধ্যমের দায়িত্ব, তেমনি জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ সময় তিনি জামায়াতের জন্য ভালো পরামর্শ এবং দলের কোনো ত্রুটি থাকলে তা খোলামেলাভাবে তুলে ধরার আহ্বান জানান।

গোলাম পরওয়ার জানান, মতবিনিময় সভায় ইলেকট্রনিক গণমাধ্যমের বিদ্যমান বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন শীর্ষ নির্বাহীরা। তাদের মতে, প্রিন্ট মিডিয়ার তুলনায় ইলেকট্রনিক মিডিয়ায় অনেক ক্ষেত্রে কাঠামোগত সুবিধার ঘাটতি রয়েছে। বেতন কাঠামো, ওয়েজ বোর্ড ও কর্মীদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসে।

এসব সমস্যা একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সরকারের সামনে তুলে ধরার পরামর্শ দেন আমীরে জামায়াত। এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার আশ্বাসও তিনি দিয়েছেন বলে জানান গোলাম পরওয়ার।

তিনি আরও বলেন, গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা বর্তমান সংসদে বিরোধীদল হিসেবে জামায়াতের ভূমিকার প্রশংসা করেছেন। তাদের মতে, অতীতের বিভিন্ন সময়ের তুলনায় বর্তমান বিরোধীদলের ভূমিকা গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক।

আমীরে জামায়াত এ সময় বলেন, সংসদের ভেতরে ও বাইরে দেশের ও জনগণের স্বার্থে সব ভালো কাজে সরকারকে সহযোগিতা করা হবে। তবে সরকারের কোনো জনস্বার্থবিরোধী কর্মকা-ের বিরুদ্ধে জামায়াত অবস্থান নেবে। সেই অবস্থান হবে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল।

তিনি বলেন, রাজপথের সব আন্দোলন অহিংস রাখতে চায় জামায়াত। এ সময় সাংবাদিকরা বিভিন্ন ইতিবাচক ও কার্যকর রাজনৈতিক কর্মসূচির পরামর্শও দিয়েছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম ও এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।

এছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, অধ্যক্ষ শাহাবুদ্দিন, এডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জাহিদুর রহমান ও দেলাওয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।