অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে নিয়োগ, বদলি, পদায়ন ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম এবং অর্থ পাচারের অভিযোগ উঠেছে। অভিযোগগুলোর বিষয়ে অনুসন্ধান শুরু ও নতুন অভিযোগের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার দুদকসূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দুদক সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে নিয়োগ ও বদলির অনিয়মের প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছিল। এরপর ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশনের বৈঠকে নতুন করে আরও ব্যাপক পরিসরে অভিযোগ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগের প্রধান দিকসমূহ

নিয়োগ ও পদায়ন বাণিজ্য: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে বদলি ও পদোন্নতিতে অর্থ লেনদেনের অভিযোগ। ঢাকা দুই সিটি করপোরেশন এবং জেলা পর্যায়ে ডিসি পদায়নেও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

অর্থ পাচার ও বিলাসবহুল জীবনযাপন: বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচার করে দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে ব্যবসা ও বিলাসবহুল সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে।

পরিবার ও সহকারীদের সংশ্লিষ্টতা: তার বাবা ও ব্যক্তিগত কর্মকর্তাদের (এপিএস ও পিও) বিরুদ্ধে সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।