আল-জাজিরা : দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বউফোর্ট দুর্গ (কালাত আল-শাকিফ) দখল করার দাবি করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গটি এবং এর আশপাশের সালুকি নদী অঞ্চল এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

ইসরাইলি সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, দুর্গ ও আশপাশের এলাকা দখলের পর সেখানে নিয়ন্ত্রণ আরও সুসংহত করার কাজ চলছে। স্থল ও আকাশ থেকে ব্যাপক গোলাবর্ষণের সহায়তায় সংঘর্ষের পর এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও এপি-ও জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরের কাছে অবস্থিত বউফোর্ট দুর্গ ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে গেছে।

ইসরাইলের কান ব্রডকাস্টার দুর্গটির ওপর ইসরাইলি পতাকা উড়ানোর ছবি প্রকাশ করেছে। ক্রুসেডার যুগে নির্মিত এই দুর্গটি লেবানন-ইসরাইল সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি উঁচু পাহাড়ি চূড়ায় অবস্থিত।

তবে ইসরাইলের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি লেবানন সরকার। বউফোর্ট দুর্গটি একটি ইউনেস্কো-সুরক্ষিত ঐতিহ্যবাহী স্থাপনা। ২০০০ সালে লেবানন থেকে সেনা প্রত্যাহারের আগে প্রায় ১৮ বছর দুর্গটি ইসরাইলের দখলে ছিল।

যুদ্ধবিরতির মধ্যেই অভিযান সম্প্রসারণ

১৭ এপ্রিল থেকে কার্যকর যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরাইল দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি গত ২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে লেবাননে ইসরাইলের সবচেয়ে গভীর অনুপ্রবেশ।