পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত ৪৮ ঘণ্টার ধারাবাহিক গোয়েন্দা অভিযান চালিয়ে ২৩ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের সামরিক গণমাধ্যম শাখা বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। নিহতদের ‘ভারত-সমর্থিত ফিতনা-আল-খাওয়ারিজ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এই অভিযানগুলো ডাট্টা খেল, স্পিনওয়াম এবং বান্নুসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় চালানো হয়। বিবৃতিতে বলা হয়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক সমন্বিত অভিযান পরিচালনা করা হয়, যার লক্ষ্য ছিল ওই অঞ্চলে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংস করা। অভিযানের সময় সেনাদের সঙ্গে একাধিক স্থানে তীব্র গোলাগুলি হয়। এতে ২৩ জন সন্ত্রাসী নিহত হয়, ফলে ওই এলাকার সংগঠিত সন্ত্রাসী কাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।

নিহতদের মধ্যে অন্যতম ছিল শীর্ষস্থানীয় কমান্ডার জান মীর, যিনি ‘তোর সাকিব’ নামেও পরিচিত। তাকে নিরাপত্তা বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসীনেতা হিসেবে চিহ্নিত করেছিল। তার বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী সদস্য ও সাধারণ মানুষের ওপর হামলাসহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

সামরিক সূত্র জানায়, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সন্ত্রাসীরা গোপনে ব্যবহার করত এমন ভূগর্ভস্থ সুড়ঙ্গ ও বাঙ্কারও ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, বাকি সন্ত্রাসীদের নির্মূল করতে এলাকাগুলোতে এখনো তল্লাশি অভিযান চলছে।