নজরুল ইসলাম
অথচ সচেতনতা ও দ্রুত টিকা গ্রহণের মাধ্যমে জলাতঙ্ক শতভাগ প্রতিরোধযোগ্য একটি রোগ। তাই দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি হাসপাতালগুলোতে নিয়মিতভাবে জলাতঙ্ক প্রতিরোধক টিকা সরবরাহ নিশ্চিত করা সময়ের দাবি।
বর্তমানে শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে জলাতঙ্কের ঝুঁকি বেশি। গ্রামের সাধারণ মানুষ অনেক সময় বুঝতেই পারেন না যে, আক্রান্ত প্রাণীর সামান্য আঁচড় বা কামড়ও মারাত্মক হতে পারে। আবার অনেক ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে টিকা নিতে জেলা শহর কিংবা বড় হাসপাতালে যেতে হয়। এতে সময়, অর্থ ও ভোগান্তি বাড়ে। দরিদ্র পরিবারের পক্ষে এ ব্যয় বহন করাও কঠিন হয়ে পড়ে। ফলে অনেকে চিকিৎসা না নিয়েই বাড়িতে থেকে যান, যা পরে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, জলাতঙ্কে আক্রান্ত হওয়ার পর রোগের লক্ষণ প্রকাশ পেলে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত টিকা নেওয়া অত্যন্ত জরুরি। এই বাস্তবতায় দেশের প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত টিকা মজুদ রাখা প্রয়োজন। পাশাপাশি প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক নিয়োগের মাধ্যমে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
সরকার ইতোমধ্যে জলাতঙ্ক নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তবে অনেক এলাকায় এখনো টিকার সংকট দেখা যায়। কোথাও টিকা না থাকায় রোগীকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরতে হয়। এই পরিস্থিতি জনসাধারণের জন্য অত্যন্ত দুঃখজনক। স্বাস্থ্যসেবার মূল লক্ষ্যই হওয়া উচিত মানুষের জীবন রক্ষা করা। তাই প্রতিটি উপজেলায় সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
এছাড়াও জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন। স্কুল, কলেজ, মসজিদ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার মাধ্যমে মানুষকে জানাতে হবে-প্রাণীর কামড়ের পর দ্রুত ক্ষতস্থান সাবান পানি দিয়ে ধুতে হবে এবং নিকটস্থ হাসপাতালে গিয়ে টিকা নিতে হবে। কুসংস্কার কিংবা ঝাড়ফুঁকের ওপর নির্ভর করলে জীবন ঝুঁকির মধ্যে পড়ে।
জলাতঙ্ক প্রতিরোধে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের সমন্বিত উদ্যোগও জরুরি। ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণ, প্রাণীদের টিকাদান এবং জনগণকে সচেতন করার কার্যক্রম একসঙ্গে পরিচালনা করতে হবে। তাহলেই এই প্রাণঘাতী রোগ থেকে দেশকে অনেকাংশে মুক্ত রাখা সম্ভব হবে। সর্বোপরি, মানুষের জীবন অমূল্য। একটি টিকার অভাবে যেন আর কোনো প্রাণ ঝরে না যায়, সে বিষয়ে সরকারকে আরও আন্তরিক হতে হবে। দেশের সকল স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধক টিকার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এখন শুধু প্রয়োজনই নয়, এটি মানবিক দায়িত্বও।
লেখক : গণমাধ্যমকর্মী।